
|| বিশেষ প্রতিনিধি | আলোকিত দৈনিক ||
নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত জেলা পর্যায়ের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেছেন সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার দুই শিক্ষার্থী। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতায় আলিম ও ফাযিল পর্যায় থেকে তাঁরা এ গৌরব অর্জন করেন।
জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী দুই বিজয়ী শিক্ষার্থী হলেন—আলিম পর্যায়ে কবিতা আবৃত্তিতে ১ম স্থান অর্জনকারী মো. রাশেদুল ইসলাম এবং ফাযিল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী মোছা. জাকিয়া খাতুন।
এর আগে বেলকুচি উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১০টি ভিন্ন ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার এক ঝাঁক শিক্ষার্থী। উপজেলা পর্যায়ের সেই ধারাবাহিকতা বজায় রেখে জেলা পর্যায়ের চূড়ান্ত লড়াইয়েও মাদ্রাসার প্রতিনিধিরা তাঁদের মেধা ও নৈপুণ্যের চমৎকার স্বাক্ষর রাখেন। এ সময় প্রতিযোগীদের নির্দেশক ও সার্বিক সহযোগিতায় সঙ্গে ছিলেন মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. ওমর ফারুক।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুস সাত্তার জানান, “উপজেলা পর্যায়ের পর জেলা প্রতিযোগিতাতেও আমাদের শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়ার খবর পুরো শিক্ষাপ্রতিষ্ঠান ও বেলকুচিবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন শিক্ষার্থীদের আগামী দিনের মেধা চর্চায় আরও উদ্বুদ্ধ করবে।”
জাতীয় কবির সৃষ্টি ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতার ফল প্রকাশের পর বিজয়ী শিক্ষার্থীদের শিক্ষকমণ্ডলী, সহপাঠী ও স্থানীয় সুধীজনদের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা ও অভিনন্দন জানানো হয়েছে।
