
|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||
ভোলার তজুমদ্দিনে নদীপথে পাচারের সন্দেহে স্টিলবডি ট্রলারসহ ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে এ সার জব্দ করা হয়। তবে সার ডিলার ও কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ীদের নিকট ক্যাশমেমোর মাধ্যমে বৈধভাবে বিক্রি করা সার একত্রে পরিবহন করা হচ্ছিল।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিনের একটি বিশেষ টিম চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন খালের মোহনায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা ইউরিয়া সার ও ট্রলারটি জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বহনে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অন্যদিকে বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল জানান, গত ৪ সেপ্টেম্বর চরমোজাম্মেলের কয়েকজন খুচরা ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ বস্তা সার বিক্রি করা হয়েছিল, যার ক্যাশমেমো সংরক্ষিত রয়েছে। ব্যবসায়ীরা সার কিনে একটি স্টিলবডি বোটে একযোগে নিয়ে যাচ্ছিলেন। কোস্ট গার্ডের উপস্থিতি দেখে শ্রমিকরা ভয়ে পালিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, মেসার্স মোশাররফ হোসেন নামে বিসিআইসি ডিলারের কাছ থেকে চরের ১০-১২ জন বিক্রেতা ক্যাশমেমোর মাধ্যমে উক্ত সার ক্রয় করেন। পরিবহনের সুবিধার্থে তারা এক ট্রলারে তুলছিলেন। তবে ঘটনাটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কৃষি বিভাগ মনিটরিং অব্যাহত রেখেছে। কোনো অনিয়ম বা গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
