
|| নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং চট্টগ্রামের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) যৌথ উদ্যোগে “সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ” শীর্ষক ৮ম আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স (আইসিএসসি ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় কলা অনুষদের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক জ্ঞানতাত্ত্বিক পরিসরে সুফি ঐতিহ্যের তুলনামূলক অধ্যয়নের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। স্বাগত বক্তব্য দেবেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মহসীন উদ্দীন মিঞা।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাহরাইনের সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখী এবং মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক ডিন ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ।
পরবর্তী একাডেমিক সেশনে প্রফেসর ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ীর সভাপতিত্বে এবং প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান ও ড. আবদুল্লাহ আল মাহমুদের আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সুফিজমের ধর্মতাত্ত্বিক, সামাজিক ও সাহিত্যিক প্রভাব নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এতে সিরিয়ার দামেস্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফেইরোজ আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী তাঁদের গবেষণা উপস্থাপন করবেন।
