
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।
রবিবার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, ডিসি, এসপি এবং সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতা, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের সার্বিক অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
সভায় চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। এ কাজে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। তিনি ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেয়ার পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা সচল রাখার নির্দেশ দেন। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা ও নিরাপত্তায় বাড়তি জোর দিতে বলেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কেউ যেন চুরি, ডাকাতি, মজুতদারি বা ত্রাণ আত্মসাতের মতো অপরাধ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান তিনি। একই সাথে সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে জনগণের পাশে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
