
|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||
“তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য শ্রেষ্ঠ ৬ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের তরুণ প্রজন্মকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে।” এ সময় তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা। তিনি মাঠপর্যায়ে জনবল সংকটের কথা উল্লেখ করে দ্রুত এই সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন।
সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী। তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার তাগিদ দিয়ে স্কুল, কলেজ ও ইউনিয়ন পর্যায়ে এই ধরণের সচেতনতামূলক কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ তাসকিয়া পারভীন (এমসিএইচ-এফপি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সদস্য মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্য রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান হাসান।
সভাপতি সুবোধ কুমার আচার্যের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
