রবিবার, জুলাই ১২

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক ||

দেশে অতি বৃষ্টি ও ভারী বর্ষণের ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।

আজ রবিবার (১২ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হঠাৎ বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এবং আর্তমানবতার সেবায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত জনবান্ধব কৃচ্ছ্রসাধন নীতির প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতি বাস্তবায়নে যে একাধিক সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন, তা দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। সরকারি বিলাসবহুল গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি ব্যবহার করা, গাড়ির তেল ও চালকের বেতন নিজের ব্যক্তিগত তহবিল থেকে বহন করা এবং গাড়িবহরের আকার ১৩-১৪টি থেকে কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে আনা নিঃসন্দেহে প্রশংসনীয়।

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এই মহৎ নীতিকে আরও সম্প্রসারিত করে প্রশাসনের অন্যান্য খাতের অপ্রয়োজনীয় ও বিলাসী সরকারি ব্যয় আরও কমিয়ে আনা হোক। রাষ্ট্রীয় অপচয় রোধ করে সেই সংকুচিত ও সাশ্রয়কৃত অর্থ এই মুহূর্তে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তের বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন, ত্রাণ সামগ্রী বিতরণ ও দুর্যোগ মোকাবিলায় ব্যয় করা অতীব জরুরি।

তিনি প্রশাসন ও সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহায়তা প্রদানের পরামর্শ দেন এবং বানভাসি মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে সর্বসাধারণকে আল্লাহ তাআলার নিকট দোয়া করার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *