
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে শিশু আয়শা হত্যাকাণ্ডের ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নিহতের পরিবার, এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে চিলমারী মডেল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং “হত্যাকারী বাইরে কেন, প্রশাসন জবাব চাই” স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমারের নিকট স্মারকলিপি প্রদান করেন। একইসাথে উপজেলা প্রশাসনের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরও স্মারকলিপি পাঠানো হয়।

মানববন্ধনে নিহতের পরিবার এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে প্রতিবেশী সন্দেভাজনদের ওপর ইঙ্গিত প্রদান করেন। তারা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ইউএনও মাহমুদুল হাসান বলেন, “এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক এবং ক্লুলেস হত্যাকাণ্ড। অপরাধীদের চিহ্নিত করতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একটু সময় লাগলেও খুনিদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।”
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, আয়শা হত্যা মামলার প্রকৃত আসামিদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
