Thursday, August 6

চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাব্বির, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, জামায়াতের জেলা/উপজেলা আমির নুর আলম মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান এবং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ফকরুদ্দিন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাব্বির তাঁর বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পদ নয়। কোনো নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে এর রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ নেই। ছাত্র সমাজের পক্ষে শিক্ষার্থী মারিয়া আক্তার আন্দোলনে শিক্ষার্থীদের অবদান, স্লোগান এবং আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জামায়াতের আমির নুর আলম মুকুল বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোসহীন নেত্রী, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। ৩৬ জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রবর্তন করা গেলেই এই অভ্যুত্থান সার্থক হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বলেন, “দেশ স্বাধীন হয়েছে, আন্দোলন-বিপ্লব হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত বিপ্লব এখনো পুরোপুরি অর্জিত হয়নি। কারণ সমাজে ও প্রশাসনে দুর্নীতি, ঘুষ ও অন্যায় এখনো বিদ্যমান।” তিনি স্থানীয় পর্যায়ে সকল বৈষম্য দূর করে সুশাসন ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, “তরুণরাই এ দেশের ভবিষ্যৎ। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।” তিনি নিজ নিজ অবস্থান থেকে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মাঝে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *