
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
গ্রামীণফোনের মুনাফা থেকে সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের প্রাপ্য ৫ শতাংশ লভ্যাংশ দ্রুত পরিশোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় নগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির আয়োজন করে গ্রামীণফোন ৫ শতাংশ বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিষয়টির দ্রুত নিষ্পত্তি এবং বকেয়া লভ্যাংশ পরিশোধের দাবিতে তারা একত্রিত হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— “গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে প্রদান করতে হবে”, “এক দফা এক দাবি, ৫ শতাংশ লভ্যাংশ চাই”, “১৬ বছরের মামলা জটের অবসান চাই”, “দীর্ঘসূত্রিতা বন্ধ করো”, “আলোচনার মাধ্যমে সমাধান করো” প্রভৃতি।
বক্তারা বলেন, গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য অর্থের জন্য অপেক্ষা করছেন। কিন্তু আইনি জটিলতা এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার কারণে এখনো সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এতে করে অবসরপ্রাপ্ত ও সাবেক কর্মীদের অনেকেই আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন।
তাদের দাবি, কোম্পানির মুনাফা থেকে কর্মচারীদের জন্য নির্ধারিত ৫ শতাংশ অংশীদারিত্বের অর্থ পরিশোধে আর বিলম্ব করার সুযোগ নেই। তারা বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা গেলে দীর্ঘদিনের এ বিরোধের অবসান ঘটবে এবং ক্ষতিগ্রস্তরা তাদের ন্যায্য পাওনা বুঝে পাবেন।
মানববন্ধনে বক্তব্য দেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী,উৎপল ভৌমিক, ও আবু সুফিয়ান। তারা বলেন, বছরের পর বছর ধরে চলমান এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। আদালতের দীর্ঘ প্রক্রিয়ার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, তাদের দাবি ন্যায়সঙ্গত এবং আইনসম্মত। তাই দ্রুত সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করে বকেয়া লভ্যাংশ পরিশোধের উদ্যোগ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির প্রতি সরকার, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা এবং গ্রামীণফোন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এ অচলাবস্থার অবসান ঘটিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান বের করা হবে এবং বকেয়া লভ্যাংশ পরিশোধের মাধ্যমে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
