Wednesday, July 15

খুলনায় জুলাই শহিদ দিবস পালনে ব্যাপক প্রস্তুতি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে। একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জুলাই শহিদ সাকিব রায়হানের বাবা-মা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *