
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের শীর্ষ পর্যায়ের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কর্মসূচির ফাঁকে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে এ বৈঠক হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কনস্টেবল থেকে এসআই (নিরস্ত্র/সশস্ত্র) পর্যায়ের সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
সাক্ষাৎকালে কুয়েট ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে সেখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানান।
এর প্রেক্ষিতে আইজিপি মোঃ আলী হোসেন ফকির দ্রুত সময়ের মধ্যে কুয়েট ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক (পিপিএম), খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া (বিপিএম-বার)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভাইস-চ্যান্সেলর আইজিপির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন।
