
|| ডঃ মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
অল্প পয়সার দান দিয়ে শুরু হয়েছিল পথচলা। তারপর স্থানীয় মানুষদের সাহায্য-সহযোগিতায় গড়ে ওঠে সে শিক্ষা প্রতিষ্ঠান। ৭৬ বছরের ঐতিহ্য বুকে ধারণ করে সেটিই এখন হাজারো শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা সদর ধানঘরা উচ্চ বিদ্যালয় শুধু একটি স্কুলই নয়, এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ইতিহাসেরও একটি অবিচ্ছেদ্য অংশ।
প্রায় শত বছরের পুরনো বিদ্যাপীঠ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানঘরা উচ্চ বিদ্যালয়। যা ঐতিহ্যকে ধারণ করে আজও দাড়িয়ে আছে। ফুলজোড় নদীর তীরে উপজেলা সদরের প্রাণকেন্দ্র ধানগড়ায় অবস্থিত আজকের এই বিদ্যাপীঠটির সঙ্গে জড়িয়ে রয়েছে পন্ডিত, সংগীতজ্ঞ, কবি, সাহিত্যকের নাম। এ ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় ন্যস্ত ছিলেন এবং আছেন এ বিদ্যাপীঠেরই অনেক শিক্ষার্থী। যাদের রয়েছে নিজস্ব পরিচিতি। বিশিষ্ট সংগীত গবেষক আবু সুফিয়ান, মুক্তিযুদ্ধের সংগঠক আশরাফ আলী, মননশীল প্রধান শিক্ষক শামছুল হক, শ্রী বাবু বিজয় শাহা, বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মওলানা ইসমাইল হোসেন ও বাংলাদেশের অন্যতম আধুনিক কবি মহাদেব সাহার স্মৃতিবিজড়িত নানা কিছু দৃশ্যমান এই বিদ্যাপীঠে। কবি মহাদেব সাহার ছেলেবেলা কেটেছে যে মাঠে সেখানে মেহগনি গাছের নিচে প্রতি বছর পালিত হয় কবির জন্মদিন। এমন ব্যক্তি ছাড়াও এ বিদ্যাপীঠ থেকে অসংখ্য শিক্ষার্থী বের হয়েছেন, যাদের অনেকেই সমাজের বিভিন্ন স্তরে অবদান রেখে চলেছেন।
কালক্রমে স্থানীয় মানুষদের মুখে মুখে ধান রাখা বা ধানের স্তুপ বোঝাতে ‘ধান’ এবং উঁচু স্থান বা টিলাকে ‘গড়া’ শব্দ দু’টি একত্রিত হয়ে ধানগড়া নামে স্থায়ী রূপ ধারণ করেছে।
রায়গঞ্জকে ১৮৭৫ সালে সিরাজগঞ্জ মহকুমার অন্তর্ভূক্ত করা হয়। থানা হিসেবে রূপান্তরিত হয় ১৯০১ সালে, ১৯৬৩ সালে সিও অফিসের স্বীকৃতি লাভ করে এবং পূর্ণাঙ্গ উপজেলা শহর হিসেবে প্রশাসনিক স্বীকৃতি লাভ করে ১৯৮৩ সালে, ২০০৫ সালের রায়গঞ্জ পৌরসভায় উন্নীত হয়।
উপজেলার প্রাণকেন্দ্র ও পৌরসভার একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি কাগজ-কলমে ১৯৫০ সালে ফুলজোড় নদীর তীরে ধানঘরা গ্রামে প্রতিষ্ঠা করার ইতিহাস পাওয়া গেলেও মূলত প্রতিষ্ঠা হয় তারও অনেক আগে। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এটিই ছিল অত্র এলাকার একমাত্র নির্ভরযোগ্য ও নিরাপদ মঞ্জুরিপ্রাপ্ত প্রতিষ্ঠান। যা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ধানঘরা উচ্চ বিদ্যালয় নামে অভিহিত হয়ে আসছে।
প্রতিষ্ঠানটি থেকে ১৯৮৭ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জাহাঙ্গীর আলম রাজশাহী বোর্ডে ৭ম স্থান, ২০১৮ সালের আব্দুল্লাহ আল মাহমুদ ঐ বোর্ড থেকে ২য় স্থান দখল করেন। প্রতিষ্ঠানটির ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থী রওশন আরা নিপা ২০০৪ সালে সুবিধাবঞ্চিত শিশুদের জীবন নিয়ে নির্মিত ‘আমরাও পারি’ শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য এমি অ্যাওয়ার্ড (International Emmy Award) লাভ করেন। তিনি ২০০৫ সালে মিনা মিডিয়া অ্যাওয়ার্ডসহ অনন্য ১০টি সম্মাননা অর্জন করেন এবং ২০১৮ সালে ‘মহুয়া সুন্দরী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠের স্বীকৃতি ধরে রেখেছে।
২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ শত ৪৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৭২.৫০। যার মধ্যে ২৫ জন এ+ প্রাপ্ত হন। বৃত্তিপ্রাপ্ত হয় কমার্স বিভাগ থেকে ৪ জন, আর্টস বিভাগ থেকে ৩ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ২ জন। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত হয় ২৬ জন। শিক্ষা সপ্তাহ ২০২৬ সে মোট ২৯ টি ইভেন্টের মধ্যে ২৪ টিতেই ১ম স্থান। শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সোনাতন কুমার, শ্রেষ্ঠ শিক্ষার্থী মার্জিয়া মাহজাবীন এই প্রতিষ্ঠানের গর্বিত শিক্ষক ও শিক্ষার্থী।
বিদ্যালয়টির অসংখ্য ছাত্র- ছাত্রী দেশ-বিদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন পদমর্যাদায় সম্মানজনক কাজে দায়িত্ব পালন করছেন। যাদের অনেকের নাম পুস্তকে রয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাপীঠের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তাদের স্মরণ করা হয়।
বিদ্যালয়টির অবদানের কথা উল্লেখ করে এসএসসি ১৯৯৪ ব্যাচের ছাত্র ব্যাংক কর্মকর্তা রবিউল আলম বিশ্বাস ও শিক্ষক আবু ইউনুস সরকার লিটন বলেন, ধানঘরা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের গর্ব ও বিশ্বাসের নাম। বিদ্যালয়টির হাজারো শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করছেন। দীর্ঘ যুগ ধরে এ প্রতিষ্ঠানের মাঠেই হয়ে আসছে জাতীয় ও আঞ্চলিক পোগ্রাম, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলার আয়োজন ও ওয়াজ মাহফিলসহ নানা ধরনের নানা কৃষ্টি-কালচার। যেখানে অগনিত মানুষের সমাহার ঘটে প্রতিনিয়ত। প্রতিষ্ঠানটি জাতীয় করণ হয় নাই বিশ্বাসই হয় না। প্রতিষ্ঠানটি জাতীয় করণের দাবি জানান তারা।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক আকিদুল ইসলাম ও শরিফুল ইসলাম বলেন, ১.৩৪ একর খেলার মাঠ, ৪ টি বহু তলা বিশিষ্ট পাকা ভবন, সমৃদ্ধ বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব, ৩৯ টি কক্ষ, ৩ হাজারের উর্দ্ধে বই নিয়ে সমৃদ্ধশালী লাইব্রেরি ও নিজস্ব মার্কেট রয়েছে। তথা মনোরম অফিস কক্ষ, আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস, লাইব্রেরি, বিজ্ঞানাগার, স্কাউট ও ক্রীড়া কক্ষ, যা যথাযথ ও নিয়মিত ব্যবহার হয়। তবে প্রতিষ্ঠানটির বহু পুরাতন লম্বা টিনের ঘরটি আজও কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ঐতিহ্য সমৃদ্ধ বিদ্যালয়টির প্রধান শিক্ষক সোনাতন কুমার জানান, বর্তমানে বিদ্যাপীঠে বিভিন্ন শাখা মিলে মোট ১ হাজার ২ শত ৫০ জন শিক্ষার্থী আছে। এমপিও ভুক্ত শিক্ষক ১৯ জন, খন্ডকালীন শিক্ষক ৪ জন, কর্মচারী এমপিওভুক্ত ১ জন, প্রতিষ্ঠান বেতনভুক্ত ২ জন। মূলত তারাই এ মূল্যবান শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতিতে কাজ করছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ধানঘরা উচ্চ বিদ্যালয় এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। আমাদের সাবেক শিক্ষার্থীরা প্রশাসন, বিভিন্ন বাহিনী, চিকিৎসা ও নানা গুরুত্বপূর্ণ পেশায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রম আমরা গুরুত্ব দিচ্ছি। সবার সহযোগিতায় বিদ্যালয়ের ঐতিহ্য ও সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
