
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা হাট-বাজার লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল হামিদ (ঢেপু সর্দার) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে মো. ইনতাজ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টা থেকে ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়নের মোট ১ হাজার ২৪৯ জন ভোটারের মধ্যে ৯৬৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ছিল প্রায় ৭৭ দশমিক ৫০ শতাংশ। নির্বাচনে আটটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি সহসাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ট্রাক প্রতীকে মো. শফিকুল ইসলাম ৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের মো. ছাইফুর রহমান পেয়েছেন ৩৮৯ ভোট।
সহসভাপতি পদে ফুটবল প্রতীকে মো. মিলন শেখ (আকাশ) ৫৬৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাঘ প্রতীকের মো. আমিনুর ইসলাম পেয়েছেন ২৯২ ভোট।
সাধারণ সম্পাদক পদে বটগাছ প্রতীকে মো. আব্দুল হামিদ (ঢেপু সর্দার) ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মো. নজরুল ইসলাম পেয়েছেন ৩৯৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে কুঁড়েঘর প্রতীকে মো. জয়নাল আবেদীন ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের মো. ছুমির উদ্দিন পেয়েছেন ৩৭৭ ভোট।
অর্থ সম্পাদক পদে চেয়ার প্রতীকে মো. নুরুল ইসলাম ৬৪৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকের মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ২১৯ ভোট। এ পদে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৪২৫ ভোট।
দপ্তর সম্পাদক পদে ঢোল প্রতীকে মো. সুরুজ্জামান (বাটু) ৪৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী গরুর গাড়ি প্রতীকের মো. ওবায়দুর হক বাচ্চু-মন্ডল পেয়েছেন ৩৪৭ ভোট।
প্রচার সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে মো. রমজান আলী ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মো. মফিজুর রহমান পেয়েছেন ৩৯৬ ভোট। এ পদে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৫৪ ভোট।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে টিউবওয়েল প্রতীকে মো. জহুরুল ইসলাম ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের মো. নূর ইসলাম (গেন্দা) পেয়েছেন ৩৭৬ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে মো. ইনতাজ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ. এম. শাখাওয়াত হোসেন (তৌহিদ)। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. খাইরুজ্জামান (ফুয়াদ)।
নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট গণনা শেষে প্রতিটি পদের ফলাফল সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাঁদের মনোনীত নির্বাচনী এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত ভূরুঙ্গামারী উপজেলা হাট-বাজার লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নটি রাজ-২৬৬১ নম্বর নিবন্ধনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য সংগঠনটি নতুন নেতৃত্ব পেল।
