Thursday, September 17

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

|| স্পোর্টস ডেস্ক ||

টানা বৃষ্টির কারণে ম্যাচ মাঠে না গড়ালেও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় চীনের বিপক্ষে সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে ভেজা মাঠ খেলার অনুপযোগী ছিল। ম্যাচ আম্পায়াররা তিন দফায় মাঠ পর্যবেক্ষণ করেও পরিস্থিতির উন্নতি না দেখে শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।

এশিয়ান গেমসের বাইলজ অনুযায়ী, বৃষ্টি বা আবহাওয়াজনিত কারণে ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটি পরবর্তী পর্বে উঠে। র‌্যাংকিংয়ে চীনের চেয়ে বেশ এগিয়ে থাকায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল সরাসরি সেমিফাইনালের টিকিট লাভ করে। এর আগে চীনের হাংজুতে অনুষ্ঠিত গত এশিয়ান গেমসেও একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।

নাগোয়ায় সেপ্টেম্বর মাস বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় হওয়ায় ম্যাচের আগে বাংলাদেশ দল পুরোদমে অনুশীলন সারতে পারেনি। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলেও ক্রিকেটের মূল লড়াই ১৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে।

এদিকে, আজ জাপানের স্থানীয় সময় বিকেল ৪টায় ওসাকায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *