রবিবার, জুলাই ১২

ইসলামী বিপ্লবের লক্ষে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে: মুফতি মুহিব্বুল্লাহ

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ নাছির বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় মানুষের অধিকার রক্ষা এবং নৈতিক অবক্ষয় রোধে ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই। আর এই বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য অর্জনে ইসলামী বিপ্লবের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রতিটি কর্মীকে যোগ্য, দক্ষ ও আদর্শিক হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় রংপুর শহরে আয়োজিত জেলা শাখার এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মুহিব্বুল্লাহ নাছির কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, একটি টেকসই ও আদর্শিক পরিবর্তনের জন্য আমাদের শুধু রাজনৈতিকভাবে সক্রিয় হলে চলবে না, বরং নিজেদের মনস্তাত্ত্বিক ও আত্মিক পরিশুদ্ধিও প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.)-এর বিপ্লবী আদর্শকে বুকে ধারণ করে ময়দানে চারিত্রিক দৃঢ়তা ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিটি কর্মীকে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতার উন্নয়ন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আন্দোলনের সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ঐক্য আন্দোলন নিছক কোনো ক্ষমতার রাজনীতির দল নয়, এটি একটি আদর্শিক ও বিপ্লবী কাফেলা। বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরও বেশি যুগোপযোগী, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াত ছড়িয়ে দিয়ে এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানান।

রংপুর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মামুদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার সার্বিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টা ও ত্যাগের মাধ্যমে রংপুরে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে—বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *