রবিবার, জুলাই ১২

রংপুরের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার ইন্তেকাল

|| নিজস্ব প্রতিবেদক ||

সিনিয়র সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই। গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে রংপুরের গণমাধ্যম অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বাদ এশা রংপুর নগরীর সেনপাড়া এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠাবান ও সদালাপী এই সাংবাদিকের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে তাঁরা বলেন, আল্লাহ যেন এই গুণী সাংবাদিককে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *