
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী বিশেষ তা’লীম-তারবিয়াত ও শব-বেদারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাদ মাগরিব থেকে শুরু হয়ে রাতব্যাপী জেলা শাখার উদ্যোগে এ সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।

প্রশিক্ষণ ক্যাম্পে কেন্দ্রীয় প্রশিক্ষক ও আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ নাছির তাঁর বক্তব্যে বলেন, দ্বীন প্রতিষ্ঠার ইসলামী বিপ্লবী কাফেলাকে বেগবান করতে হলে কর্মীদের আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করা অপরিহার্য। রাত জেগে ইবাদত বা শব-বেদারীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে, যা ময়দানে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, সমাজ থেকে অন্যায়, জুলুম ও অনাচার দূর করে একটি ন্যায়-নিষ্ঠ সমাজ গঠনে ইসলামী ঐক্য আন্দোলনের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আন্দোলনের সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক ও জাতীয় সংকটে ইসলামী আন্দোলনের গুরুত্ব দিন দিন বাড়ছে। কর্মীদের সৎ, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে তা’লীম-তারবিয়াতের কোনো বিকল্প নেই। তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেতনাকে বুকে ধারণ করে প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
গাইবান্ধা জেলা শাখার আমীর ডা. আব্দুস সালামের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক জনাব মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডা. আব্দুস সালাম কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, গাইবান্ধা জেলায় ইসলামী ঐক্য আন্দোলনের এই অগ্রযাত্রা এবং কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাতব্যাপী ইবাদত, কুরআন-হাদীসের দারস, সাংগঠনিক আলোচনা এবং বিশেষ দোয়ার মাধ্যমে এই আধ্যাত্মিক ও সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্পটি সমাপ্ত হয়।
