সোমবার, জুন ২২

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।

দারস পেশকালে তিনি সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের সমৃদ্ধ ব্যাখ্যামূলক বক্তব্য তুলে ধরে বলেন, এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওহিদের সত্যতা, আল-কুরআনের অলৌকিকত্ব এবং পূর্ববর্তী কিতাব হযরত মুসা (আ.)-এর তাওরাতের সত্যতার সাক্ষ্য দিয়েছেন। এখানে সৎকর্মশীল ও মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যারা প্রতিকূল পরিবেশেও ‘আমাদের রব আল্লাহ’ এই বিশ্বাসের ওপর অবিচল থাকে।

মাওলানা মুহিব্বুল্লাহ ভূঁঞা আরও বলেন, এই আয়াতগুলোর একটি অন্যতম প্রধান শিক্ষা হলো পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা মায়ের গর্ভধারণ ও কষ্টকর লালন-পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে সন্তানকে পিতা-মাতার প্রতি সদয় আচরণ এবং তাদের জন্য দোয়ার শিক্ষা দিয়েছেন।

একইসাথে, ৪০ বছর বয়সে পৌঁছে একজন মানুষের যেভাবে পরিপক্ব ও কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহর দরবারে আত্মসমর্পন করা উচিত, তা এখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিপরীতপক্ষে, যারা পিতা-মাতার অবাধ্য হয় এবং পরকালকে অস্বীকার করে, তাদের ভয়াবহ পরিণতির ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

অতএব, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য আমাদের এই আয়াতগুলোর শিক্ষা ব্যক্তি ও পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে।

সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দারসে কুরআনে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মীয় ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *