Sunday, August 2

ইরানে সামরিক হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||

দ্রুত একটি চুক্তি ও সমঝোতায় পৌঁছানোর শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক রূপরেখা নিয়ে সমঝোতা তৈরি হয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রস্তাবিত এই চুক্তির আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো হবে। বিশ্বের কল্যাণ ও একটি সমৃদ্ধ ইরানের স্বার্থেই তিনি এই সামরিক হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন, তবে শর্ত হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করতে হবে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলও এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।

সবাইকে দ্রুত চুক্তি সম্পাদন করার আহ্বান জানালেও, ট্রাম্পের এই ফেসবুক পোস্ট বা দাবির বিষয়ে ইরান কিংবা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *