Thursday, July 30

ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে সেই শক্তির সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না; তাই সত্যি বলতে আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। সাক্ষাৎকারে নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ হিসেবেও আখ্যায়িত করেন ট্রাম্প।

​সম্প্রতি সম্পন্ন হওয়া এই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় ইসরায়েল অংশ নেয়নি এবং চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, এই চুক্তির ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে।

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করা হতে পারে। বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের আয়ের ২০ শতাংশের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের ‘অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি। এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *