Tuesday, July 21

ইবি তালাবার নতুন কমিটিকে ইসলামী ঐক্য আন্দোলনের শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ সেশনের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। আজ মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে নেতৃদ্বয় বলেন, “ইসলামী বিশ্ববিদ্যলয় প্রতিষ্ঠা ও এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসে কুরআন, হাদীস ও ইসলামি শিক্ষার প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং সুশিক্ষা ও নৈতিক পরিবেশ বজায় রাখতে তালাবায়ে আরাবিয়ার অবদান চিরস্মরণীয়। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে সৎ ও আদর্শবান ছাত্রসমাজ গঠনে এবং দেশের সার্বিক ধর্মীয় ও সামাজিক অগ্রগতিতে ইবি শাখার এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জুলাই) কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম শামীম সভাপতি এবং একই বিভাগের খন্দকার মো. আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কাউন্সিল অধিবেশনে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা সাইফুল ইসলাম সায়েম নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও সাবেক নেতৃবৃন্দসহ ইবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *