
|| বিনোদন ডেস্ক ||
দীর্ঘ দুই মাসের এক জমকালো সফরে ইউরোপের বেশ কয়েকটি দেশে কনসার্ট করতে যাচ্ছেন ‘নগরবাউল’খ্যাত দেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই তাঁর এই ইউরোপ সফরের পূর্ণাঙ্গ শিডিউল প্রকাশ করেছেন।
আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে পারফর্ম করার মধ্য দিয়ে শুরু হবে তাঁর এই সংগীত সফর। এরপর পর্যায়ক্রমে ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট রোম, ২২ আগস্ট ভেনিস এবং সবশেষে ৫ সেপ্টেম্বর সুইডেনে গান শোনাবেন এই ব্যান্ড তারকা।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ইতিপূর্বে আমেরিকার সফল ট্যুরের পর এবার ইউরোপ সফরটি বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে তাঁরা আশাবাদী। ইতিমধ্যেই কনসার্টগুলোর টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং প্রবাসী বাঙালিরা প্রিয় তারকার এই সুরের উন্মাদনা উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
