
|| ডঃ মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
অভাব-অনটনের সংসারে দিনমজুর বাবার সন্তান হয়েও অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের কাজীপুর গ্রামের মোঃ রনি আহমেদ রাসেল। ৪৭তম বিসিএস পরীক্ষার ফলাফলে তিনি প্রশাসন ক্যাডারে ১০৭তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
রনির বাবা ফজলুল হক একজন দিনমজুর। মা আজমিয়ারা বেগমও নানা প্রতিকূলতার মধ্যে সন্তানদের লালন-পালন করেছেন। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে পড়াশোনার পথ সহজ ছিল না। তবে বাবা-মায়ের অনুপ্রেরণা ও নিজের অধ্যবসায়ের গুণে শিক্ষা জীবনে একের পর এক সাফল্য অর্জন করেন তিনি।
রনি ২০১৫ সালে ঝাপড়া কাজীপুর আবদুল মান্নান উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৭ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারি সায়েন্স অনুষদ থেকে ‘ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)’ এবং একই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ থেকে ‘মাস্টার্স ইন মেডিসিন’ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও রয়েছে তাঁর সফলতা। বর্তমানে তিনি জয়পুরহাট সদর উপজেলার সোনালী ব্যাংক হাটিল শাখায় ‘অফিসার (জেনারেল)’ হিসেবে কর্মরত আছেন। এছাড়া বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকেও ‘অফিসার (ক্যাশ)’ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশের পর রনির বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। একজন দিনমজুরের সন্তান হয়ে বিসিএস ক্যাডারে স্থান করে নেওয়ায় স্থানীয়রা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রনির এই অসামান্য সাফল্য প্রমাণ করে— আর্থিক সীমাবদ্ধতা কখনোই স্বপ্নপূরণের পথে স্থায়ী বাধা হতে পারে না; বরং দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো কঠিন বাঁধাই অতিক্রম করা সম্ভব।
