
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও শিশু আলমিনার সন্ধান মেলেনি। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করতে না পেরে ফিরে গেছে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। ঘটনাটি ঘটে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিক সংলগ্ন দুধকুমার নদে।
নিখোঁজ আলমিনা খাতুন বেবী (১১) নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী এলাকার আলী হোসেনের মেয়ে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে আলমিনা তার দুই সমবয়সীর সঙ্গে বোয়ালমারী ক্লিনিক সংলগ্ন দুধকুমার ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে। বাকি দুইজন প্রাণপণে সাঁতরে তীরে উঠতে পারলেও আলমিনা পানিতে ডুবে যায়।
কূলে ওঠা অন্য দুই শিশুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আসা ডুবুরি দল যৌথভাবে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান।
