
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে বেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কাটার অপরাধে মোহাম্মদ বেলায়েত হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজা বীসরাত হোসেন। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মো. বেলায়েত হোসেনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফাইজা বীসরাত হোসেন জানান, উপজেলার পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
