
|| ধর্ম ডেস্ক ||
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে তারা নিরাপদে দেশে পৌঁছান।
হজ অফিস সূত্রে জানা গেছে, পরিচালিত ১৪৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন। গত ৩০ মে শুরু হওয়া হাজিদের এই ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এ ছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬৫ হাজার ৮৮৮ জনকে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ১৬৭ জন হাজিকে বিভিন্ন সেবা প্রদান করেছে।
উল্লেখ্য, গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৭ এপ্রিল ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিল এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন হয়।
