
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী ও কান্তকবি রজনীকান্ত সেনের স্মৃতিবিজড়িত সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিক মো: রেজাউল করিম। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়। সাংবাদিক রেজাউল করিম বর্তমানে স্বনামধন্য বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৬১-এর ধারা অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। চার সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মো: রেজাউল করিম। কমিটির অন্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য মো: মানিক তালুকদার (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত), শিক্ষক প্রতিনিধি সদস্য মো: আব্দুর রহিম (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত) এবং সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
কবির স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবমনোনীত সভাপতি মো: রেজাউল করিম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিরুল ইসলাম খানের আন্তরিক ইচ্ছার জন্য তাঁর প্রতি গভীর ও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
নবমনোনীত সভাপতি রেজাউল করিম বলেন, “বেলকুচির এই ঐতিহ্যবাহী কান্তকবি রজনীকান্ত সেন স্মৃতি বিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই হবে আমাদের মূল লক্ষ্য। সংসদ সদস্য আমিরুল ইসলাম খান ভাইয়ের উন্নয়নমুখী ভাবনার অংশ হিসেবে এই বিদ্যালয়ের শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমি বদ্ধপরিকর।”
তিনি বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও শিক্ষার প্রসারে স্থানীয় সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
