বুধবার, জুন ১৭

সিলেট পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

|| অনলাইন ডেস্ক ||

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই সড়কের দু’পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের ১৫৫ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এছাড়া ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করবেন। একই সাথে দুঃস্থ, অসহায় ও গৃহহীন ১০০ জনকে বিশেষ অনুদান এবং পাঁচজন চা-শ্রমিকের হাতে টেকসই আবাসনের জন্য ২ লাখ টাকা করে বরাদ্দ পত্র তুলে দেবেন তিনি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী আবেগপ্লুত হয়ে জানান, ১৯৭৮ সালে এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠেই বক্তব্য দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ ৪৮ বছর পর আজ একই মাঠে বক্তব্য দেবেন তাঁর সুপুত্র তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের আশা, আজকের এই জনসভায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের সমাগম ঘটবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। মাত্র চার মাসের মাথায় প্রধানমন্ত্রীর এই সফরে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় ভাসছেন। সফরসূচি অনুযায়ী, শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে আজ সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে সিলেটের ওসমানী বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী এবং রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *