Wednesday, October 14

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী, দাফন জুরাইন কবরস্থানে

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ গ্রহণ করেন। জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল ৩টায় শ্যামপুর লাল মসজিদে জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদকে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *