
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চেতনানাশক খাইয়ে একটি পরিবারকে অচেতন করে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ৪ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের করাইল গ্রামে মোঃ ওমর ফারুকের বসতবাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের নগদ অর্থ, মোটরসাইকেল ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওমর ফারুক জানান, ঘটনার দিন গতকাল আছর নামাজের পর তারা পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও তার মা, বোন এবং তার নিজের চোখ থেকে কোনোভাবেই ঘুমের ঘোর কাটছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাদের খাবারের সাথে কোনো চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছিল।
পরিবারের সবাই অচেতন অবস্থায় ঘরে ঘুমিয়ে থাকলে, চোর চক্রটি ভবনের সিঁড়িঘরের (চিলেকোঠা) টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের ভেতরের আলমারি ভেঙে তছনছ করে ৪ ভরি স্বর্ণ, ২ ভরি রুপার গহনা, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি নতুন ‘হিরো স্প্লেন্ডার’ মোটরসাইকেল লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পরদিন সকালে ওমর ফারুকের মা প্রথমে ঘুম থেকে উঠে ঘরের আলমারি ভাঙা এবং কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপরই চুরির বিষয়টি সবার নজরে আসে।
ঘটনার পর সাটুরিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত ও লুটে যাওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে।
