বৃহস্পতিবার, জুন ১৮

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও মিডওয়াইফদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানান, দেশে বর্তমানে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে, যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত ৩ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন। কেবল চিকিৎসকদের ওপর নির্ভর করে সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের চিকিৎসাসেবার ভৌগোলিক বৈষম্যের চিত্র তুলে ধরে ডা. এম এ মুহিত বলেন, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও দুঃখজনকভাবে ৮০ শতাংশ চিকিৎসকই শহরে অবস্থান করছেন। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ব্যবধান ঘোচানো জরুরি।

উচ্চপদস্থ পেশাজীবীদের বিদেশ গমনের বিষয়ে ভিন্নমত পোষণ করে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসক ও প্রকৌশলীদের মতো বড় চাকরিজীবীরা দেশের জন্য খুব বেশি রেমিট্যান্স পাঠান না। দেশের রেমিট্যান্সের মূল চালিকাশক্তি হলেন সাধারণ শ্রমিকেরা। তাই চিকিৎসক ও নার্সদের বেশি সংখ্যায় বিদেশে পাঠিয়ে রেমিট্যান্স বাড়ানোর ধারণার সঙ্গে তিনি একমত নন, তবে উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে তাদের বিদেশ যাওয়াকে তিনি ইতিবাচক মনে করেন। একই সাথে তিনি স্পষ্ট করেন যে, দেশের বর্তমান প্রেক্ষাপটে এখনো চিকিৎসক ও নার্স বিদেশে রপ্তানি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার প্রস্তুতি প্রসঙ্গে ডা. এম এ মুহিত আরও জানান, দেশে আগামী দিনে যেকোনো মহামারি ও সংক্রামক ব্যাধি প্রতিরোধে সরকার এখন থেকেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে এবং এই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *