
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা ইউনিয়নে মাদকের গ্রাস থেকে তরুণ ও উদীয়মান প্রজন্মকে বাঁচাতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) তেওতা বাজারের ঐতিহাসিক নজরুল প্রমিলা মঞ্চের সামনে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হয়।
প্রতিবাদী মিছিলটি তেওতা বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। ‘মাদকমুক্ত তেওতা চাই’, ‘মাদককে না বলুন’—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে নজরুল প্রমিলা মঞ্চের প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও যুবসমাজের সম্মিলিত অংশগ্রহণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন মোঃ রমজান শেখ, মোঃ চুন্নু মিয়া, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মাওলানা মহিদুল ইসলাম, মোঃ শাহীন মোল্লা, মোঃ মানিক শেখ, মোঃ সুমন মিয়া, মোঃ রতন শেখ, মোঃ কাদের শেখ, মোঃ মোসলেম শেখসহ এলাকার অসংখ্য যুবক ও স্থানীয় গুণীজন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক কেবল একটি জীবনকে ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে অন্ধকার গহ্বরে ঠেলে দেয়। গ্রামে গ্রামে মাদকের অবাধ বিস্তার রোধে প্রতিটি পরিবার এবং সমাজের সব শ্রেণির মানুষকে এখনই একজোটে এগিয়ে আসতে হবে।
বক্তারা জানান, সম্প্রতি এলাকার একটি চিহ্নিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় যুবসমাজ ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করে। তবে এই উদ্যোগের পর থেকেই একটি প্রভাবশালী অসাধু চক্র ও স্বার্থান্বেষী মহল নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তবে রক্তচক্ষু বা কোনো প্রচ্ছন্ন হুমকি দেখিয়ে এই ন্যায়সংগত সামাজিক আন্দোলন দমানো যাবে না বলে দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ থেকে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়। পাশাপাশি এলাকায় সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম এবং তরুণদের মাঝে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সব বাধা নস্যাৎ করে তেওতাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে সমাবেশ শেষ হয়।
