
|| নিজস্ব প্রতিবেদক ||
ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা মালিকপক্ষের হাতে ছেড়ে দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব পুনরায় ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করা এবং তেল ও গ্যাসের মতো কৌশলগত জ্বালানি খাত বেসরকারি আমদানিকারকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এসব কথা বলেন।
বিবৃতিতে আন্দোলনের শীর্ষ এই নেতা বলেন, “ওষুধের মতো জীবনরক্ষাকারী অত্যাবশ্যকীয় উপাদানের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকার কর্তৃক মালিকপক্ষের হাতে ছেড়ে দিলে সাধারণ ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি চরম হুমকির মুখে পড়বে। এর ফলে বাজারে অসাধু সিন্ডিকেটের প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে, যা সাধারণ জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।”
এরশাদ উল্যাহ ভূঁইয়া আরও বলেন, “স্থানীয় বা বেসরকারি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দিলে শিক্ষাঙ্গনে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অর্থ লেনদেনের ক্ষেত্র পুনরায় উন্মুক্ত হবে। একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থা বজায় রাখতে কেন্দ্রীয় প্রক্রিয়ার বিকল্প নেই। পাশাপাশি তেল ও গ্যাসের মতো জরুরি ও সংবেদনশীল জ্বালানি খাত বেসরকারি খাতে আমদানির অনুমতি দিলে তা সাধারণ গ্রাহকদের ব্যয় যেমন বাড়াবে, তেমনি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।”
বিবৃতিতে জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসব সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা এবং সরকারকে দ্রুত জনকল্যাণমুখী নীতি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়; অন্যথায় দেশে সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়।
