Wednesday, September 2

শজিমেকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তা নিশ্চিতকরণসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অ্যাজমা জটিলতা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। স্বজনদের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানালে চিকিৎসকদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকেরা স্বজনদের মারধর করে ৬ জনকে কয়েক ঘণ্টা আটকে রাখেন বলে তাঁরা দাবি করেন।

অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও বহিরাগতরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে ইন্টার্ন ও মিড লেভেলের ৬ জন চিকিৎসক আহত হন, যাদের মধ্যে ৩ জনের হাতের হাড় ভেঙে গেছে।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, বহিরাগতদের হামলায় চিকিৎসকেরা আহত হয়েছেন। বর্তমানে সিনিয়র ও মিড লেভেলের চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালে সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে মধ্যরাত তিনটার দিকে পুলিশ গিয়ে অবরুদ্ধ ও আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে। পুলিশের হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে বগুড়া মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক প্রান্তসহ ৪ জন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন এবং অপর ২ জন থানায় আটক রয়েছেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *