
|| নিজস্ব প্রতিবেদক ||
হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার (২৯ নভেম্বর) রাজধানীতে সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার আমলে জনগণের টাকা লুটপাট করা হয়েছে এবং সেই অর্থ এখনো বিভিন্নভাবে দেশে পাঠিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। এ সময় গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় বোমা তৈরির অভিযোগও তোলেন তিনি।
শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের কোনো স্থান নেই। ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দিল্লির তাবেদারির জন্য তারা তাঁকে মদদ দেয়। তবে বাংলাদেশকে কখনোই দিল্লির দাস হতে দেওয়া হবে না।
রিজভী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তাঁর বিরুদ্ধে হওয়া রায় কার্যকরের জন্য বাংলাদেশ প্রত্যর্পণ চায়। সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানকে শেখ হাসিনা দুর্বলতা মনে করছেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ছাড়া তিনি কীভাবে বিনা বাধায় দেশে ফিরবেন—সে প্রশ্ন তুলে রিজভী বলেন, তাঁকে অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের রক্তে দেশপ্রেম রয়েছে। প্রয়োজনে তাঁরা আত্মত্যাগ করবেন, তবু দেশের স্বাধীনতা ও পতাকা অক্ষুণ্ন রাখবেন। বাংলাদেশকে দিল্লির অনুগত করে রাখতে চায়, এমন কোনো শক্তির সঙ্গে বিএনপির কোনো আপস নেই বলেও তিনি স্পষ্ট করেন।
