
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ঢাকাসহ দেশের আটটি বিভাগেই কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বলে অধিদপ্তরটির পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল সোমবার (৪ মে) দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এই ঝড় চলাকালীন সময়ে তীব্র বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
