সোমবার, জুন ১৫

যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হচ্ছে, উন্মুক্ত হবে হরমুজ প্রণালী

|| আন্তর্জাতিক ডেস্ক ||

অবসান ঘটল সব উত্তেজনার। অবশেষে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সম্পন্ন হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক চুক্তি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে এই চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঘোষণায় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী থেকে সব ধরনের মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীর শুল্কমুক্ত ব্যবহারের অনুমোদন দিয়ে বিশ্বজুড়ে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।

এদিকে এই শান্তি আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধ বন্ধে দুই দেশ একটি স্থায়ী চুক্তিতে পৌঁছেছে এবং লেবাননসহ সব ফ্রন্টে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে চুক্তি সম্পন্ন হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই চুক্তিকে তাদের জন্য বড় ধরনের ‘বিজয়’ হিসেবে বর্ণনা করছে।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *