রবিবার, মে ৩

যারা আমার জানাজা পড়াবে না বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

“আমার জানাজা যারা পড়াবে না বলে তারা সবাই জামায়াতের লোক”—এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। গতকাল শনিবার (২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, “যারা এসব অবান্তর কথা বলছে তারা মূলত জামায়াতের লোক। আমার জানাজা পড়ানোর মানুষের কোনো অভাব হবে না। আমার বহু পীর-আউলিয়া, গাউস-কুতুব ও দরবেশ হুজুররা আছেন। যারা এখন বলছে আমার জানাজা পড়াবে না, আল্লাহ তো তাদের আমার আগেও এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারেন।”

নিজের রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস তুলে ধরে ফজলুর রহমান আরও বলেন, “আমি সংসদ সদস্য হয়েছি, এটি আমার রাজনৈতিক পরিচয়। কিন্তু আমার আধ্যাত্মিক বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন। আমি আল্লাহ ও তাঁর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি পবিত্র কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সুফিবাদী ধারার অনুসারী।”

তিনি আরও বলেন, “যদি আল্লাহ আমার কপালে জানাজা রেখে থাকেন, তবে আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের লোকদের লাগবে না। আমি বিশ্বাস করি, যেদিন আমার মরদেহ মানুষের সামনে রাখা হবে, সেদিন জানাজা পড়ার মতো মানুষের কোনো অভাব হবে না। কারণ আমি পুরোপুরি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী লোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *