
|| নিজস্ব প্রতিবেদক ||
যাকাত নিয়ে অবমাননাকর ও বিদ্রূপাত্মক বক্তব্যের অভিযোগে বিএনপির নারী নেত্রী নিলোফার চৌধুরী মনির তীব্র সমালোচনা করে গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভুঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, যাকাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য প্রতিষ্ঠা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। আল্লাহর এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কোনো ধরনের কটূক্তি বা বিদ্রূপ করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতের শামিল এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই অন্যের ধর্মীয় বিশ্বাস বা ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। নিলোফার চৌধুরী মনির মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মীর কাছ থেকে এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দিতে পারে। যাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার নৈতিক দায়িত্ব। তারা অনতিবিলম্বে এই অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান। অন্যথায় দেশের আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানরা ঈমানি দায়িত্ব পালনে রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন তারা।
পরিশেষে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে ধর্মীয় বিষয়ে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, সামাজিক সম্প্রীতি ও শান্তি অটুট রাখতে পবিত্র দ্বীনি বিধানগুলোর মর্যাদা রক্ষা করা অপরিহার্য। রাজনৈতিক স্বার্থে বা না বুঝে ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করা থেকে বিরত থাকতে তারা সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক করেন।
