
|| নিজস্ব প্রতিবেদক ||
বেসরকারি শিক্ষকদের ১ বছরের পিআরএল (PRL) চালু এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর করাসহ ১৩ দফা দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) ‘অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ’-এর উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের আজাদ সেন্টারের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী, অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন এবং অধ্যক্ষ মোঃ নুরুল হক প্রমুখ।
সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের নানা বৈষম্য ও সমস্যার কথা তুলে ধরে ১৩টি সুনির্দিষ্ট দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—যে সমস্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এখনো শারীরিক ও মানসিকভাবে চাকুরিতে সেবা দিতে সক্ষম, তাদেরকে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকুরিতে বহাল রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করা, অবসরের মাত্র ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান এবং প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষকের জন্য অবিলম্বে বদলি ব্যবস্থা চালু করার জোর দাবি জানানো হয়। এনটিআরসিএ (NTRC)-এর মাধ্যমে সকল প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের দাবিও জানান বক্তারা।
একই সাথে শিক্ষানীতি থেকে সকল প্রকার বৈষম্য দূর করার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসারে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে পূর্বের ন্যায় একজন করে ‘হেড মাওলানা’ পদ সৃষ্টি করা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রতিটি মহল্লায় একটি করে ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা। তাছাড়া আরব বিশ্বে বাংলাদেশের নাগরিকদের চাকুরির সুবিধা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কুরআনের ভাষা তথা আরবি ভাষা চালুর ব্যাপারেও সভায় গুরুত্বারোপ করা হয়। বক্তারা অবিলম্বে এই ন্যায়সংগত দাবিগুলো মেনে নিয়ে শিক্ষার মান উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
