
|| আসাদুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় গুণী ব্যক্তিত্ব মরহুম প্রফেসর আব্দুল হামিদ মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমআ মুকুন্দগাঁতীস্থ মরহুমের নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন (আলিম)। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজি সাইদুর রহমান, তামাই অগ্রণী সংসদের সভাপতি মো. আব্দুল্লাহ মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক, ‘আলোকিত দৈনিক’-এর সম্পাদক মো. ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, এলাকায় সাদা মনের মানুষ ও প্রবীণ মুরুব্বী হিসেবে অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা গত শনিবার (১ আগস্ট) সকাল সোয়া ৭টায় মুকুন্দগাঁতীস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ শিক্ষাজীবনে অসংখ্য আলোকিত মানুষ গড়ার এই কারিগর মৃত্যুকালে চার কন্যা, জামাতা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। ১ আগস্ট বাদ আসর বেলকুচি সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে কামারপাড়া কবরস্থানে দাফন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমানুল্লাহ।
