Monday, November 9

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও অবদান রাখতে পারবে।

সমবায় বক্তারা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের আওতায় এনে কার্যক্রম আরও গতিশীল করতে হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, নারী ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আব্দুল বারী সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ধীরেন্দ্র নাথ রায়, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বিআরডিবির এআরডিও উম্মে কুলসুমসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা সমবায়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *