
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী যেন এই সংগ্রহ অভিযানে কৃষকদের হয়রানি করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। প্রকৃত কৃষকরা যাতে সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারেন, তা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট বিভাগ জানায়, সরকারি নিয়ম ও নির্ধারিত মূল্য বজায় রেখে অত্যন্ত স্বচ্ছতার সাথে এবারের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন করা হবে।
