
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে পরিবেশ দূষণ বিরোধী অভিযানে দুটি প্রসেসিং মিলকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার দৌলতপুর মতি মার্কেট, শেরনগর ও চালা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক জনাব মোঃ তুহিন আলম ও তাঁর দল উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযান সূত্র জানায়, দৌলতপুর এলাকায় অবস্থিত ‘ভাই ভাই প্রসেসিং মিল’-এ অভিযান পরিচালনাকালে তাতক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। ফলে মিলের সরাসরি উৎপাদিত দূষিত পানির নমুনা পরিবেশ অধিদপ্তর সংগ্রহ করতে পারেনি। তবে পার্শ্ববর্তী স্থান ও টিউবওয়েলের পানি সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ল্যাব টেস্টের ফলাফল অনুযায়ী পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, চালা এলাকায় অবস্থিত ‘মেসার্স শিল্পী প্রসেসিং মিল’ এবং ‘সততা প্রসেসিং মিল’ এর প্রতিনিধিকে পরিবেশ দূষণের অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর আওতায় পৃথক দুটি মামলায় ২,০০০/- (দুই হাজার) টাকা করে সর্বমোট ৪,০০০/- (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এর পাশাপাশি পরিবেশ দূষণ না করে সরকারি নিয়ম মেনে মিল পরিচালনার জন্য শেরনগর ও চালা এলাকার মিল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন, বেলকুচি কর্তৃক জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।
