
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা রক্ষা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। আজ রবিবার (৭ জুন) তিনি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় চলমান নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ভরাট কার্যক্রম এবং ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার নদী ভাঙন পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং ভাঙন রোধে নিয়োজিত জিও ব্যাগ ভরাট কার্যক্রমের গুণগত মান ও কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততার সাথে কাজ শেষ করার তাগিদ দেন, যাতে বর্ষা মৌসুমের তীব্র ভাঙন থেকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা রক্ষা করা সম্ভব হয়। নদী ভাঙন প্রতিরোধের পাশাপাশি বেলকুচি সদর ইউনিয়নে সরকারের অধীনে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সাথে উন্নয়ন কর্মকাণ্ডের নানা দিক নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব মোঃ আবু হেলাল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ গোলাম আজমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাধারণ জনগণ। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
