বৃহস্পতিবার, এপ্রিল ৩০

বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড বিস্ফোরণ: ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। ট্রাম্পের মতে, সরাসরি সামরিক হামলার চেয়ে নৌ অবরোধ অনেক বেশি কার্যকর এবং এর ফলে ইরানের অর্থনীতি ও অভ্যন্তরীণ অবস্থা এখন বিপর্যস্ত পর্যায়ে পৌঁছেছে। প্রয়োজন হলে এই অবরোধ আরও দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে, তবে এর পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে।

পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই নৌ-অবরোধ তুলে না নেয় তবে তেহরান নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইরানের দাবি, যেকোনো ধরণের সমঝোতায় পৌঁছানোর আগে তাদের ওপর আরোপিত সকল অবরোধ প্রত্যাহার করতে হবে।

অন্যদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং মার্কিন ভোক্তাদের ওপর এর প্রভাব কমাতে সম্ভাব্য বিকল্প পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। তবে দুই দেশের মধ্যে বর্তমানে কূটনৈতিক আলোচনা পুরোপুরি স্থবির হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *