Tuesday, September 1

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জিয়া উদ্যান ও সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে নেতাকর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে ধারণ করে দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *