
|| নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার কুটি পরাডাঙ্গা ব্র্যাক মোড় এলাকার আব্দুল মজিদের ছেলে।
গতকাল ৩১ আগস্ট (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা-পুলিশ পৌর এলাকার চামটারপার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি জাহাঙ্গীরকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, এটি তাঁদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের তাৎক্ষণিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
