বুধবার, জুলাই ১

বর্ষার শেষ পর্যন্ত চলবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান: কেসিসি প্রশাসক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

দেশব্যাপী সরকারের ঘোষিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খুলনা মহানগরীর ড্রেনসমূহ বর্জ্যমুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরীর নতুন বাজার আবু হানিফ মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশাসক বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত সকালে বেশি সক্রিয় থাকে। তাই শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মশকমুক্ত রাখতে কেসিসি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, চলমান পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে যেমন কার্যকর ভূমিকা রাখবে, তেমনি ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক করে জলাবদ্ধতা নিরসনেও সহায়ক হবে।

নগরবাসীর প্রতি পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

অনুষ্ঠানে প্রশাসক একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ২২ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, তরিকুল্লাহ খান, জাহিদ কামাল টিটু, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম লিটন, খান মঈনুল হাসান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক ২৯ নম্বর ওয়ার্ডের লোয়ার যশোর রোড ও হাজী মহসিন রোড সংলগ্ন ড্রেনের পলি ও বর্জ্য অপসারণ কার্যক্রম এবং পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। একই সঙ্গে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া ইনফ্যান্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সানফ্লাওয়ার স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ, মশক নিধন কার্যক্রম এবং পানি নিষ্কাশন ব্যবস্থাও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *