
|| জাকারিয়া | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী ও তার সৎ ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখআছিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালানো হলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুনের (১২) বহন করা স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে এবং তার সঙ্গে থাকা সৎ ভাই পায়েলকে (২২) আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাদিরা খাতুন বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সমাজের জন্য বড় ধরনের হুমকি। তারা ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ মাদক চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
